Wednesday, September 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় সড়কের পাশে মিললো খড় দিয়ে ঢেকে রাখা যুবকের মরদেহ

সকালে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পান, কয়েকটি শিয়াল মরদেহটি ধরে টানাটানি করছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল। ধারণা করা হচ্ছে,মরদেহটি দুই থেকে তিন দিনের আগের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকার মাঠের মধ্যে থাকা একটি ইট বিছানো (হেরিংবোন) সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাচ্ছিলেন। ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।

বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্যান্য কৃষকেরা ছুটে আসেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।

পুলিশ জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।”

এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন বলেন, “শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

   

About

Popular Links

x