Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পিএম

বাংলাদেশে ডেঙ্গুর চলমান প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবায় সহায়তা দিতে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।

কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, যানজট ও যাতায়াতের সুবিধার বিষয়টি বিবেচনায় হস্তান্তর অনুষ্ঠানটি কুর্মিটোলা হাসপাতালে করা হলেও সব কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে এসব কিট সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।”

বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন চালুর বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে ভ্যাকসিনের ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী ভ্যাকসিন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x