মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ছেলের সহপাঠী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও উপরে তুলে আছাড় দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, মারধর ও আছাড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম নাহিদ শেখ (৩৫)। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “অভিযুক্ত নাহিদ শেখের ছেলের সঙ্গে বুধবার ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর ঝগড়ার বিষয়ে জানতে পেরে আজ স্কুল চলাকালীন সময়ে হঠাৎ শ্রেণিকক্ষে ওই শিক্ষার্থীকে মারধর করে। এ সময় একজন সহকারী শিক্ষক তাকে থামাতে পারেননি। পরে অন্যান্য শিক্ষকরা তাকে থামান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।"
ওসি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তার নাহিদকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।
অভয় পাইলট স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম স্থানীয় সাংবাদিকদের জানান, বুধবার দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়েছিল। এই নিয়ে আজ এক শিক্ষার্থীর অভিভাবক আরেক ছাত্রকে মারধর করেন। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের বিষয়টি খুবই লজ্জাজনক। এমন কাজ ওই অভিভাবকের করা উচিত হয়নি।



