Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসি সচিব: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি

‘এমন একটি সময় নির্ধারণ করতে হবে, যাতে নির্বাচন আয়োজন সুষ্ঠুভাবে করা সম্ভব হয়’ 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ও সেনা মোতায়েনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। 

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ইসি সচিব বলেন, ‘‘গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাচনের সময়সূচিসহ বিভিন্ন বিষয়ে নানা মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়। তবে এসব বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’’ 

নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, ‘‘সেনা মোতায়েনের বিষয়টি ভবিষ্যতের বিষয়। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সবার প্রত্যাশা। প্রয়োজন অনুযায়ী যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো নেওয়া হবে।’’ 

এসময় সাংবাদিকরা এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘‘প্রতিমন্ত্রীর এ বক্তব্য কমিশনের প্রস্তুতির ক্ষেত্রে একটি ধারণা দিয়েছে। এ অনুযায়ী আমরা বাকি প্রস্তুতিগুলো এগিয়ে নিতে পারি। বিষয়টা আমি কমিশনের সামনে তুলে ধরব।’’ 

সামগ্রিক বিষয়ে আখতার আহমেদ জানান, ভোটার তালিকা রয়েছে, নির্বাচনী সামগ্রী রয়েছে এবং ভোটকেন্দ্রও রয়েছে। এখন মূল বিষয় হলো স্থানীয় বাস্তবতা ও সময়ের বিষয়গুলো সমন্বয় করা। এসএসসি পরীক্ষা, রমজান, ধর্মীয় উৎসব এবং জাতীয় দিবসসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এমন একটি সময় নির্ধারণ করতে হবে, যাতে নির্বাচন আয়োজন সুষ্ঠুভাবে করা সম্ভব হয়। 

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। 

   

About

Popular Links

x