Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

রসমালাইয়ে চেতনানাশক, অচেতন করে ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট

এ ঘটনায় দোকানের কর্মচারীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

রাজবাড়ীর পাংশায় সোনার দোকানের মালিককে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৬৫ লাখ টাকার সোনা, রুপা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাজবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

পুলিশ সুপার জানান, লিটনসহ দুজন এই ঘটনায় জড়িত। পরিকল্পিতভাবে দোকানমালিককে চেতনানাশক খাইয়ে অচেতন করে দোকানের চাবি নেওয়া হয়। এরপর দোকান থেকে সোনা, রুপা ও নগদ টাকা নিয়ে তারা পালিয়ে যান।

পাংশার নারায়ণপুর শাখিনন্দ দত্ত মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মুসলিম জুয়েলার্সের মালিক শহিদুল ইসলাম। ২৮ সেপ্টেম্বর দুপুর থেকে পরদিন সকালের মধ্যে কোনো এক সময় দোকান থেকে সোনা ও রুপার অলংকার এবং নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম পাংশা মডেল থানায় মামলা করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, পাওনা টাকা তুলে দেওয়ার কথা বলে লিটন ও তার সহযোগী শহিদুল ইসলামকে জলিলপাড়া এলাকায় লিটনের বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে রসমালাইয়ের সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়।

শহিদুল ইসলাম অচেতন হয়ে পড়লে তার পকেট থেকে চাবি নিয়ে দোকানে ফেরেন লিটন। সেখানে অপর কর্মচারী দীপকে কৌশলে খাবার আনতে পাঠিয়ে আলমারি খুলে সোনা, রুপা ও নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়। এরপর চাবি আবার মালিকের পকেটে রেখে তাকে দত্ত মার্কেটের মোড়ে ফেলে রেখে পালিয়ে যান আসামিরা।

পুলিশের ভাষ্য, চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল ২৫ ভরি সোনা, ২২০ ভরি রুপা ও প্রায় দুই লাখ টাকা নগদ। সব মিলিয়ে এর মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

   

About

Popular Links

x