Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। দেশটিতে দূতাবাস স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকার আলেকজান্দ্রা হাউজে একটি অস্থায়ী চ্যান্সারি অফিস থেকে প্রাথমিকভাবে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। 

মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম ইতোমধ্যে মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন।

দূতাবাস চালুর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়বে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারেও কাজ করবে দূতাবাসটি।

বর্তমানে আয়ারল্যান্ডে প্রায় ২৫,০০০ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের পাশাপাশি অন্যান্য যোগ্য আবেদনকারীদেরও যথাসময়ে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেবে দূতাবাস।

এদিকে, কনস্যুলার সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে দূতাবাস। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা পাওয়ার তারিখ, প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

   

About

Popular Links

x