Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে শুল্ক-কর ফাঁকির অভিযোগে চীনা সুতা জব্দ, ভ্যানচালক পুলিশ হেফাজতে

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১০:০০ এএম

নরসিংদীর মাধবদীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে চীন থেকে আমদানি করা ২০ কার্টন সুতা জব্দ করেছে পুলিশ। এ সময় সুতা বহনকারী ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় মাধবদীর বিরামপুর এলাকা থেকে সুতা বোঝাই ভ্যানটি জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দ করা ২০ কার্টনে মোট ২ হাজার ২০০ পাউন্ড সুতা রয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। কোন প্রতিষ্ঠানের জন্য এসব সুতা নেওয়া হচ্ছিল এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনো স্পষ্ট তথ্য দিতে পারেনি। তবে একাধিক সূত্র বলছে, মাধবদীর জাহাঙ্গীর ট্রেডার্স থেকে মর্ডান ট্রেডার্স নামের আরেকটি প্রতিষ্ঠানের জন্য সুতাগুলো নেওয়া হচ্ছিল।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানি করা সুতা বোঝাই ভ্যানটি নরসিংদী সদর উপজেলার পুরিন্দা এলাকা থেকে মাধবদীর একটি কারখানার দিকে যাচ্ছিল। পথে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক কামরুল হাসানের সন্দেহ হলে তিনি ভ্যানটি থামিয়ে মাধবদী থানায় নিয়ে যান। পরে পুলিশ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কার্টন সুতা জব্দ করে এবং ভ্যানচালককে হেফাজতে নেয়। তবে হেফাজতে থাকা ভ্যানচালকের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জব্দ সুতার উৎস নিশ্চিত হতে পুরিন্দা এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সেখানে আরও বিপুল পরিমাণ মালামালের সন্ধান মিলেছে।

ওসি মো. কামাল হোসেন বলেন, “বিটিএমএ পরিচালক কামরুল হাসান সন্ধ্যায় একটি ভ্যানসহ ২০ কার্টন চীনা সুতা থানায় নিয়ে আসেন। পরে ভ্যানচালকসহ মালামাল জব্দ করা হয়। জব্দ করা সুতার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। বিষয়টি কাস্টমস কর্মকর্তাকে জানানো হয়েছে। বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জব্দ সুতার বৈধ আমদানির কাগজপত্র, শুল্ক-কর পরিশোধ এবং এগুলো কোন প্রতিষ্ঠান বা কারখানায় নেওয়া হচ্ছিল, এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। তবে প্রাথমিকভাবে আমদানির ট্যাক্সের কাগজপত্র পাওয়া যায়নি।”

   

About

Popular Links

x