Sunday, October 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টা ছাত্রদল নেতার

অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কসবায় শিক্ষক-শিক্ষার্থীদের মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকছিনা-কুল্লাবাড়ি মডার্ন স্কুলের শিক্ষিকাকে দিনে-দুপুরে ছাত্রদল নেতার অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে অভিযুক্ত কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে আকছিনা-কুল্লাবাড়ী মডার্ন স্কুলের ওই শিক্ষিকাকে পথরোধ করেন কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহ। এ সময় দেলোয়ার হোসেন ওই শিক্ষিকার সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাইলে, শুনতে রাজি না হয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশাতে তুলে নেন বলে অভিযোগ পা্ওয়া গেছে। এরপর চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন ওই শিক্ষিকা। শিক্ষিকা চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে এসে রক্ষা করেন। এ সময় সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহ।

পরে ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষিকা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার না করলে থানা ঘেরাও করার কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

এদিকে, অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ দাবী করেন, ওই শিক্ষিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাকে বিয়ে না করতে চাইলে দূরত্ব সৃষ্টি হয়। অপহরণের ঘটনাটি সঠিক নয় বলে দাবি তার।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ওই ভুক্তভোগী শিক্ষিকার মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x