Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। উপজেলার বাঘারদাড়ি গ্রামে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হন ওই যুবক।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে তিনজন ব্যক্তি প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক ইদ্রিস আলী চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী এক হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে জনতার গণপিটুনিতে ওই ব্যক্তি মারাত্মক আহত হন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, “চোর সন্দেহ একজন গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার পরিচয় শনাক্ত হয়নি। পিবিআই ও সিআইডির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

   

About

Popular Links

x