Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ অটোরিকশা চালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন কর‍ার প্রতিবাদে রাজধানীতে অটোরিকশা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদ ও কয়েকটি দাবি জানিয়ে সড়ক অবরোধ করেন চালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোরিকশা চালক বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

অটোচালকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না তারা। রিকশা চালাতে না পেরে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দাবি না মানলে রাস্তা ছাড়বেন না বলেও ঘোষণা দেন তারা।

দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।

এদিকে, কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে অটোরিকশা শূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশা চালকরা বিক্ষোভ করছেন।

জানা গেছে, সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা প্রায় চলছেই না।

অটোচালকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়কে অভিযানের নামে অটোচালকদের হয়রানি বন্ধ করা। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা।

রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

   

About

Popular Links

x