গোপালগঞ্জে দ্রতগতির বাসের চাপায় বয়স্ক দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন-সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। তাদের বাড়ি ফরিদপুর জেলার আলফা ডাঙ্গা উপজেলার দেওলা গ্রামে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনে একটি বাসে করে এসে ঢাকা থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন।
পরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রতগতির বাস তাদেরকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা।



