Monday, October 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে ৪ মাসের শিশু চুরি, ৪০ হাজার টাকায় বিক্রি করলেন আপন মামা

পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বাঁশের বেড়া কেটে চার মাস বয়সী মাহিন ইসলাম অনাসকে চুরি করে বিক্রির অভিযোগে তার আপন মামা জিয়ারুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা মনিরা বেগম থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একমাত্র ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি চন্দ্রপুর গ্রামে বেড়াতে আসেন মনিরা। রবিবার রাতে প্রতিদিনের মতো ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে ঘুম ভেঙে পাশে সন্তানকে না দেখে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা ঘরে এসে দেখেন, বাঁশের বেড়া কেটে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করেন।

পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পিন্টু কুমার দাস বলেন, “সন্দেহভাজন হিসেবে শিশুটির মামা জিয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানান, তিনি শিশুটিকে দিনাজপুর সদর উপজেলার নিউটাউন মাথাসাগর এলাকার মিলন নামের এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেছেন। তবে মিলনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।“

পুলিশের ধারণা, মাদকের টাকা জোগাড় করতে জিয়ারুল শিশুটিকে চুরি করে বিক্রি করেছিলেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “এ ঘটনায় জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে কিনে নেওয়া মিলনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।“

   

About

Popular Links

x