দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম (২৮) একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর মা মুক্তা বানু অভিযোগ করেন, তিনি মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে চম্পা নামে এক ব্যবসায়ীর বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। এ সময় শরিফুল ইসলাম ইশারায় তার মেয়েকে ডেকে ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পরে ভুক্তভোগী তরুণী ঘর থেকে বের হয়ে ইশারায় তার মাকে বিষয়টি জানান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন শরিফুল ইসলামকে আটক করে ফুলবাড়ী থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।



