ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে শরিফুল ইসলাম শফিক নামে পলাতক মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেই কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতের এজলাস থেকেই পালিয়ে যান এই আসামি। এজলাসের ডকের সাথে তার হাতের হাতকড়া বাধা ছিল। ওই হাতকড়া খুলেই আসামি পালিয়ে যান।
এর আগে, গত বছরের ১৯ জুন, মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।
ওই ঘটনায় পরে পুলিশ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছিল। পরে তাকে আবার গ্রেপ্তার করে পুলিশ।
এই মামলাতেই সাক্ষ্যগ্রহণ থাকায় তাকে কারাগার থেকে হাজিরা দিতে আদালতে আনা হয়েছিল। যদিও সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যান শরিফুল ইসলাম শফিক।



