ঢাকার সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তাদের কাছে থেকে পুলিশের নীল রঙের টি-শার্ট, লোহার হাসুয়া, ছুরি, মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবির(উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে সকাল ১১টার দিকে ২৬ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
গ্রেপ্তার উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
অভিযানকালে তাদের কাছে থেকে ১টি নীল রঙের মোটরসাইকেল, ১টি পুলিশের নীল রঙের টি-শার্ট, ১টি লোহার হাসুয়া, ২টি লোহার ছুরি, ২টি ব্যাটন ও ৫টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, নগদ ১৩,১৬৭ টাকা, 'জাহিদুল' নামের একটি নেমপ্লেট, ৩টি মানিব্যাগ ও ২টি হাতঘড়ি উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



