Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

জার্মান পর্যটক জানায় তার ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’ নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া নিজের ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসে এ কথা বলেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তবে বিকেল আড়াইটা পর্যন্ত তার চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

ক্রিল ল্যান্ডার বলেন, “আমি জানি, পুলিশ কর্মকর্তারাও আমার জিনিসপত্র উদ্ধারের জন্য আন্তরিকভাবে কাজ করছেন।“ তিনি জানান, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। তবে তার পাসপোর্ট ও মুঠোফোন তার কাছেই আছে।

তিনি বলেন, “সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়। গত কয়েক ঘণ্টা ধরে আমরা নিশ্চিত কোনো অবস্থান শনাক্ত করতে পারিনি। তবে আশা করছি, আমরা আমার জিনিসপত্রের অবস্থান খুঁজে পাব।”

পুলিশের সহযোগিতার কথা উল্লেখ করে ক্রিল ল্যান্ডার বলেন, “বাংলাদেশে এটাই আমার প্রথম সফর। পুলিশ আমাকে যথেষ্ট সহযোগিতা করছে।“

বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল ল্যান্ডার। তখন তিনি নিজের জিনিসপত্র একজনের কাছে রেখে যান। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন।

পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কর্মকর্তা নন। টাকা তুলে ফিরে এসে ক্রিল দেখেন, ওই ব্যক্তি ও তার জিনিসপত্র দুটিই নেই। ব্যাগে ছিল তার ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা।

ঘটনার পর নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর ল্যাপটপের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “ঘটনার পর নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি বিষয়টি নিয়ে কাজ শুরু করে। পরে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।“

ওসি জানান, প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে রাত ১১টার দিকে ক্রিল ল্যান্ডার রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়।

এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‌্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।

তবে ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে ল্যাপটপটির অবস্থানেরও পরিবর্তন দেখা যায়নি। পরে সেটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

ওসি হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন সেখানে থাকার কথা ছিল।

এরপর ট্রেন দুটিতে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। তবে ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

ওসি বলেন, “এখনো আমাদের চেষ্টা অব্যাহত আছে। সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।”

পুলিশ জানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), ডিবি, র‌্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে এবং সেটিও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনার উদ্দেশে যাওয়ার পথে ভুল করে নাটোরে নেমে যান ক্রিল ল্যান্ডার।

পরে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবকের কাছে নিজের জিনিসপত্র রেখে এটিএম থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে দেখেন, যুবকটি তার ব্যাগ নিয়ে চলে গেছেন।

ব্যাগে ম্যাকবুক ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় জিডি করেন জার্মান এই পর্যটক।

বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত ক্রিল ল্যান্ডার রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। এর আগে বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করে পুলিশ। তাকে খাবারও সরবরাহ করছে পুলিশ।

   

About

Popular Links

x