Friday, October 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বিকাশ ম্যানেজারকে গুলি করে তিন কোটি টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা

সন্ধ্যার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে তিন বস্তা টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় হিসাব বিভাগের ব্যবস্থাপক হিমেল আহমেদকে (৩৫) গুলি করা হয়। মারধরে আহত হন তার দুই সহকর্মী ও গাড়িচালক।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হিমেল আহমেদ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রীপুর এলাকায় বিকাশের হিসাব বিভাগের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। আহত অন্য দুজন হলেন ক্রেডিট ব্যবস্থাপক ফাহাদ হোসেন (৩৫) ও সুপারভাইজার রিফাত (৩০)। এ ছাড়া গাড়িচালক লাল মিয়াও আহত হয়েছেন।

গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ক্রেডিট ব্যবস্থাপক ফাহাদ হোসেন জানান, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা তিন সহকর্মী নরসিংদী সদরের একটি ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন। পথে শ্রীপুরের গোসিংগা পার হয়ে কর্ণপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ি ঘিরে ধরে।

ফাহাদের ভাষ্য, প্রতিটি মোটরসাইকেলে দুজন করে ছিলেন। হামলাকারীরা প্রথমে প্রাইভেটকারের সামনের বাম পাশের কাচ ভেঙে হিমেলকে গুলি করেন। অন্যরা চালকের পাশের ও পেছনের দরজার কাচ ভেঙে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের মারধর করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতেও কয়েকজন আহত হন।

পরে গাড়ির পেছনে রাখা চার বস্তা টাকার মধ্যে তিনটি বস্তা নিয়ে দ্রুত শ্রীপুরের দিকে পালিয়ে যান হামলাকারীরা। ফাহাদ জানান, প্রতি বস্তায় প্রায় এক কোটি টাকা ছিল। ঘটনার পর তিনি নিজেই গাড়ি চালিয়ে আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এলাকার চ্যানেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিক জানান, তার প্রতিষ্ঠানের কর্মীরা নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে শ্রীপুর ও ভালুকার উদ্দেশে ফিরছিলেন। গাড়িতে চার বস্তায় মোট চার কোটি টাকা ছিল। কর্ণপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে হামলা চালায়। পরে তারা তিন বস্তা টাকা নিয়ে পালিয়ে যায়। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত করতে পারেননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। আহত ব্যক্তিদের অভিযোগ অনুযায়ী, নরসিংদী থেকে বিকাশের টাকা নিয়ে ফেরার পথে কর্ণপুর এলাকায় তাদের গাড়ির গতিরোধ করে মারধর ও টাকা ছিনতাই করা হয়েছে। টাকা লুটের পরিমাণসহ ঘটনার বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

   

About

Popular Links

x