Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক ব্যক্তিদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, “এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

তিনি জানান, মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ।

জানা গেছে, সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে গুণী ব্যক্তিদের গ্রাফিতি। তাদের মধ্যে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি ও সঙ্গীতশিল্পী সঞ্জীব চৌধুরী।

সেইসঙ্গে ফুটপাতে পথচারীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয়েছে ডাস্টবিন।

   

About

Popular Links

x