নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নাটোর শহরের নিচাবাজারের নুর গার্মেন্টস নামের একটি দোকান থেকে ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করা হয়।
রাত ১০টার দিকে সাংবাদিকদের বিষয়টি জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল ল্যান্ডার। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি।
চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার খোঁজে বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। তবে তখন তার মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ওই দিন বিকালে পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় চলে যান তিনি।
এদিকে, ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতারে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাও করছেন তারা।



