Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর লাশ বাড়িতে রেখে নামাজ পড়তে গিয়ে মসজিদেই স্বামীর মৃত্যু

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

নড়াইলের সদর উপজেলায় স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই ফজরের আজান দিয়ে নামাজ আদায় করতে গিয়ে মারা গেছেন স্বামী রোমান মোল্যা (৬০)। শনিবার দিবাগত রাতে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর এ ঘটনা ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে তাদের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। তবে কুয়েতপ্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় থাকায় তাদের মরদেহ এখনো দাফন করা হয়নি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। তার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝেমধ্যে কিছুটা সুস্থ বোধ করলেও অধিকাংশ সময় তিনি শয্যাশায়ী থাকতেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেন তিনি। এরপর জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রোমান। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে সেবা-শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও পুরো গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা খায়রুল বাশার জানান, এ দম্পতির ছেলে জসিম জীবিকার তাগিদে কুয়েতে থাকেন। বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাদের দেখতে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার ছেলে বাড়িতে পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

   

About

Popular Links

x