কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন - উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম। তারা দাউদকান্দির জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হেঁটে মহাসড়কের এক পাশ দিয়ে যাচ্ছিলেন। পথে হরিপুর এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়েন।
পরে অন্য পথচারীরা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।



