Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ায় শিক্ষককে লাঠিপেটা করায় ছাত্রকে স্থায়ী টিসি

শিক্ষক-শিক্ষার্থীরা হামলাকারীর শাস্তির দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

বগুড়ায় ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাসন করায় সপ্তম শ্রেণির ছাত্রের লাঠিপেটায় আবু রায়হান নামে এক শিক্ষক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ওই ছাত্রকে বাধ্যতামূলক টিসি দেওয়া হয়েছে। এদিকে, শিক্ষক ও শিক্ষার্থীরা হামলাকারীর শাস্তির দাবিতে প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করেন।

এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ হামলার ঘটনা ঘটে।

অধ্যক্ষ মুহা. মুস্তাফিজার রহমান জানান, ক্লাসে অমনোযোগী থাকায় অভিভাবকদের ডেকে আনতে বলায় ওই ছাত্র ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলার শিকার শিক্ষক হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।

স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ‘খ’ শাখার ওই ছাত্র ক্লাসে খুব অমনযোগী। ক্লাসে অন্যদের মারপিট করে শৃঙ্খলা ভঙ্গ করে থাকে। সোমবার শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক আবু রায়হান ওই ছাত্রকে ডেকে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষের কাছে নিয়ে যান। এরপর বাবা-মাকে ডেকে তাকে টিসি দিতে বলেন। এতে ওই ছাত্র ক্ষিপ্ত হয়।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর শিক্ষক আবু রায়হান মোটরসাইকেল নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হন। এর আগেই স্কুলের পশ্চিম পাশে রাস্তায় ওই ছাত্র অবস্থান নেয়। সে শিক্ষককে গাছের ডাল দিয়ে ঘাড় ও চোয়ালে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পরে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা আবু রায়হানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। শিক্ষকের চোয়ালে আটটি সেলাই দিতে হয়েছে। চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে রয়েছেন।

এদিকে, শরীর চর্চা শিক্ষক আবু রায়হানকে মারপিট করার পর লাঠি হাতে ছাত্রের দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ক্ষোভের সৃষ্টি হয়।

সাবেক শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানে এসে বিক্ষোভ প্রদর্শন ও অভিযুক্ত ছাত্রের শাস্তি দাবি করেন। অধ্যক্ষ ওই ছাত্রকে স্কুল থেকে স্থায়ী টিসি দেওয়ার ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।

অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠানে গত ২০ বছরে এমন ঘটনা ঘটেনি। অভিযুক্ত সপ্তম শ্রেণির ওই ছাত্রকে স্থায়ী টিসি দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x