Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী

যশোরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। ইটের আঘাতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাথায় চারটি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন বাড়িতে আছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে গ্যারেজ মালিক হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছেন, মা-বোন তুলে গালিগালাজ করায় তিনি হামলা করেছেন।

ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x