Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, আটক ২

পৃথক ঘটনায় দুইজনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন হয়েছেন। আলাদা এই দুই ঘটনায় দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুরে এবং মঙ্গলবার সকালে তিনগাঁ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাহমুদপুরের প্রয়াত নাজির সরদারের স্ত্রী মাকসুদা বেগম (৭২) এবং তিনগাঁ উত্তরপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে সুফিয়া আক্তার নিশি (২৪)।

ওসি জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে নিশির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। আটক আব্দুল মান্নান ওরফে মনির (২৮) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারুইপাড়া এলাকার বাসিন্দা।

ওসি বলেন, “নিশি তার স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ভোররাতে ছুরি দিয়ে গলায় আঘাত করে নিশিকে হত্যা করেন তার স্বামী।”

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাহমুদপুর এলাকায় ব্যবসার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মারামারিতে মাকসুদা মারা যান।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ব্যবসার পাওনা টাকা নিয়ে স্থানীয় সাদ্দামের সঙ্গে মাকসুদার ছেলে জজ মিয়ার দ্বন্দ্বের জেরে মারামারি হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মাকসুদা। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত সাদ্দাম (৩৫) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি। সাদ্দাম মাহমুদনগর এলাকার বাসিন্দা।

ওসি আরও জানান, মাকসুদার মরদেহ দাফনের পর থানায় মামলা হবে এবং সেই মামলায় সাদ্দামকে গ্রেপ্তার দেখানো হবে।

   

About

Popular Links

x