ঢাকার সাভারের আমিনবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমিনবাজার অনলাইন ফিলিং স্টেশন ও সিএনজি নামের একটি স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ট্রাকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ট্রাকের চালকসহ চারজন আহত হন।
আহত চারজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং আহতরা চিকিৎসাধীন।



