ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৭ কোটি টাকার ওষুধসহ চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। এ সময় নগদ ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকাও জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশে ওষুধ পাঠানো ও রাজস্ব ফাঁকির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ফেন (৩৪), বকুল নাহার বীথি (২৪), ইউনুস আলী (২৬) ও সজীব হাওলাদার (২৮)।
এসআরবির ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক লি ফেন ও তার সহযোগীরা বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে ওষুধ কিনে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতেন। এসব ওষুধের মধ্যে ক্যান্সারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও রয়েছে।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, লি ফেন ২০২৪ সালের আগস্টে ৩০ দিনের ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই থেকে তিন দিন আগে তিনি চীনে ফিরে যান। তবে কয়েক দিন পর আবারও ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন।
গ্রেপ্তার বকুল নাহার বীথি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এ সময় তিনি চীনা ভাষা শেখেন। দেশে ফেরার পর চীনা নাগরিকের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে এসআরবি।
সংস্থাটির দাবি, চক্রটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠানোর জন্য ২৪ থেকে ২৫ কেজি ওজনের কার্টনে ওষুধ প্যাকেটজাত করত। বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মচারীদের সঙ্গেও চক্রটির যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসে চক্রটির ১০০ কেজি ওজনের একটি ওষুধের চালান ধরা পড়ে। ওই ঘটনার সূত্র ধরে তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি।



