নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পলাশের ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের বাসিন্দা। রাফা মনি ছিল তাদের মেয়ে। তারা ওই গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকলিমা বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘুরতে ঘোড়াশাল বাইপাস সড়কে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা রেললাইনে ওঠেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহত রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



