Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

গায়েহলুদের আনন্দ রূপ নিলো শোকে, বিয়ের আগের দিন যুবকের মৃত্যু

ওই যুবক ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম

গাইবান্ধায় বিয়ের এক দিন আগে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরিফ শাহরিয়ার সৌমিক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গায়ে হলুদের দিন গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সৌমিকের বোন শারমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবারই সৌমিকের বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আয়োজনও করা হয়েছিল।

সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক। এর মধ্যে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে শহরের একটি বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পর দুপুরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে বিকেলে সৌমিকের শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনেরা তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৌমিকের আকস্মিক মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে শোক প্রকাশ করছেন অনেকে। শুক্রবার শহরের স্টেশন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

   

About

Popular Links

x