Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা মাদকাসক্ত ছেলের

স্বজনরা জানায়, নেশার টাকা যোগাড় করা নিয়ে মা ও ছেলের নিয়মিত ঝগড়া হতো

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ পিএম

সুনামগঞ্জের কাইয়ারগাও গ্রামে নেশার টাকার জন্য ঘুমন্ত মা রেজিয়া খাতুনকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে নুরুল আলম (৪৫)।

নিহত রেজিয়া খাতুন সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাও মধ্যপাড়ার বাসিন্দা ছিলেন।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে বসতঘরে ঘুমন্ত মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্বজনরা জানায়, ভোরে নুরুল আলম ঘুম থেকে উঠে বসতঘরে রাখা ধারালো দা দিয়ে মাকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে কোপায়। পরিবারের অন্যান্য সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। রেজিয়া খাতুনের চিৎকার শুনে ঘুম থেকে তারা উঠে দেখতে পান নুরুল আলম ঘুমন্ত মাকে বিছানায় রেখে ‍পালিয়ে যাচ্ছে।

পরে গ্রামবাসী ও রেজিয়ার স্বজনরা নুরুল আলমকে আটক করে সুনামগঞ্জ  সদর মডেল থানা পুলিশের কাছে তুলে দেয়।

সদর থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী নিহত রেজিয়ার স্বজনদের বরাত দিয়ে জানান, নেশার টাকা যোগাড় করা নিয়ে মা ছেলের নিয়মিত ঝগড়া হতো। ভোরে পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন তখন নুরুল আমিন ঘুমন্ত মাকে ধারালো অস্ত্র দিয়ে শুরুতে গলা কেটে ও পরে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। নুরুল আমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রেজিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x