Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘সকালে ফিরব’ বলে আর ফেরা হলো না, ইতালি প্রবাসীকে খুঁজছে পরিবার

বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

ঢাকার সাভারে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ইতালি প্রবাসী কাজী জাবের হোসেন (৩৪)।

বুধবার (১৪ অক্টোবর) সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না। পরিবার ও স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা বাচ্চু কাজী।

নিখোঁজ কাজী জাবের সাভার পৌরসভার সবুজবাগ এলাকার বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি ইতালিতে থাকেন। গত ৫ অক্টোবর পরিবারসহ দেশে আসেন তিনি।

বাচ্চু কাজী জানান, বুধবার বেলা ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন জাবের। এরপর পরিবারের কারও সঙ্গে তার আর যোগাযোগ হয়নি। ওই দিন রাত ১১টার দিকে বাবার ইমো নম্বরে জাবের একটি বার্তা পাঠান, যাতে লেখা ছিল, “আমি ভালো আছি, সকালে বাসায় ফিরব”। কিন্তু এরপর আর কোনো যোগাযোগ করেননি তিনি। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বাচ্চু কাজী আরও জানান, ছেলে নিখোঁজ হওয়ার পর বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেননি। পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। হঠাৎ ছেলের নিখোঁজ হওয়ায় তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। জাবের কোনো বিপদে পড়লেন কি না, তা নিয়েও উদ্বেগে আছেন পরিবারের সদস্যরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ইতালি প্রবাসীর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

   

About

Popular Links

x