Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার

গ্রেপ্তারকৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে ভাড়া বাসা থেকে টাকা উদ্ধার করা হয়

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া পাঁচজনের একজন মোজাম্মেল হকের (৩২) দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাড়া বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, মোজাম্মেলের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে খাকি কাগজের প্যাকেটে ছয় বান্ডিল টাকা রাখা ছিল। প্রতিটি বান্ডিলে ছিল ৫০০ টাকার ১০০টি নোট। পরে সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী টাকাগুলো জব্দ করা হয়।

রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি দল এতে অংশ নেয়।

এর আগে একই দিন ভোর ৪টা ১৫ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে, যেখানে দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

   

About

Popular Links

x