Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোরগঞ্জে পাঁচ মাস আগে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃতরা মরদেহটি নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করেছেন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ আরিফুল ইসলাম সালমানের (২১) হাড় ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার নরসুন্দা নদীর কচুরিপানার নিচ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিহত সালমান হোসেনপুর উপজেলার দক্ষিণ কুড়িমারা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মাহিন (২০) ও শাকিল মিয়া (১৮) এবং একই এলাকার রফিক মিয়া (১৯)।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সালমান। স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। ১৯ মে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাকে উদ্ধারে তদন্ত শুরু করে। পাঁচ মাসেও ছেলের খোঁজ না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারের সদস্যদের।

পুলিশ সূত্রে জানা যায়, তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুরের চৌকিদার বাড়ি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি। সেখান থেকে শাকিল ও মাহিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রফিক মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল ও মাহিন সালমানকে হত্যার পর মরদেহ নরসুন্দা নদীতে গুম করার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে নদীর কচুরিপানার নিচ থেকে সালমানের হাড় ও কঙ্কাল উদ্ধার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “মামলাটি জেলা ডিবি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন জেলা পুলিশ সুপার।”

   

About

Popular Links

x