যুক্তরাষ্ট্রে অনুমোদিত ভিসা বা অবস্থানের মেয়াদ পার করার পর অতিরিক্ত সময় অবস্থান করলে কঠিন আইনি পরিণতি ও শাস্তির মুখোমুখি হতে হবে বলে কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস নিশ্চিত করেছে, নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতে পারে।
দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়া বা সাক্ষাৎকারের সময় মার্কিন কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীর অতীতের সকল অভিবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন। এর আগে কেউ কোনো অভিবাসন আইন বা নীতি অমান্য করে থাকলে, তাও তাদের দৃষ্টিগোচর হবে। এক্ষেত্রে নীতিমালার বাইরে অতিরিক্ত সময় অবস্থানের পেছনে কোনো 'অনিচ্ছাকৃত ভুল' অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে গত ১০ অক্টোবর অপর এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক ডাকাতি বা বেআইনি অনুপ্রবেশের মতো গুরুতর কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে। একই সাথে ওই অপরাধের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের কথা উল্লেখ করে দূতাবাস পুনরায় স্মরণ করিয়ে দেয়, দেশটিতে আসা সকল বিদেশী পর্যটক ও দর্শনার্থী আমেরিকার প্রচলিত সকল আইন কঠোরভাবে মেনে চলবেন, এমনটাই প্রত্যাশিত।



