টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্তের নাম ইব্রাহিম খান রিয়াদ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটির আবাসিক পাঁচ-ছয়জন ছাত্রকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। শুক্রবার আবাসিকের এক ছাত্র ছুটিতে বাড়ি গেলে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকেরা মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে বিষয়টি জানান।
শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদ্রাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী মাদ্রাসা পরিচালককে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু জানান, এক ছাত্র পরিবারকে জানানোর পর তারা বিষয়টি তাদের অবগত করেন। এরপর মাদ্রাসায় সালিশ বসলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ইব্রাহিম খান রিয়াদকে থানায় আনা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



