Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক

সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে তাড়া করতে দেখা যায়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম

এক হাতে হ্যান্ড মাইক, অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে তাড়া করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে তার ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি পিস্তলের স্লাইড টেনে সেটি গুলির জন্য প্রস্তুত করে লোকজনের দিকে তাক করে “অ্যাই দাঁড়া, দাঁড়া” বলে চিৎকার করছেন। ভিডিওতে সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে তাড়া করতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ”। ক্যাপশন অনুযায়ী, ঘটনাটি শনিবার গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় ঘটেছে।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, “প্রতিমন্ত্রী ও তার লোকজন ছয়জনকে ধরে মাদকসেবী বলে জানালে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে, সেগুলো কী, তা পরীক্ষায় জানা যাবে।“ এ ধরনের “অভিযান” চালানোর সময় পুলিশকে আগে জানানো হয়েছিল কি না, জানতে চাইলে ওসি কোনো উত্তর দেননি। পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ রানা জানান, তারা যতটুকু জেনেছেন, ছয়-সাতজনকে ধরে প্রতিমন্ত্রী থানায় দিয়েছেন। অভিযানের বিষয়ে তিনি পুলিশকে আগে জানাননি, পরে পুলিশ বিষয়টি জেনেছে।

সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ইশরাক হোসেনের ফেসবুক পেজে আরেকটি পোস্টে বলা হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। পোস্টে তার বরাতে আরও বলা হয়, মাদক কারবারিরা যে দলেরই হোক, ছাড় পাবে না। নিজের দলের কেউ এ কারবারে জড়িত থাকলে তার শাস্তি আরও বড় হবে। পোস্টে জানানো হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন তিনি। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি তিনি এলাকাবাসীর সহযোগিতাও চেয়েছেন।

   

About

Popular Links

x