রাঙ্গামাটির বাঘাইছড়িতে পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে স্থানীয়ভাবে পরিচিত চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাতজন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে পর্যটকদের নিয়ে ছেড়ে আসা জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রীর মধ্যে সাতজন আহত হন।
দুর্ঘটনার পর সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, বেলা পৌনে ১১টার দিকে ঘটা সড়ক দুর্ঘটনায় সাতজন আহত হন। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।



