চব্বিশের জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে মামুন নামের এক চালককে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হুসাইন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার।
রবিবার শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সুমন তাদের গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন রাখীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের উপরে আন্দোলনে অংশ নেন মামুনসহ কয়েকজন। মিছিল চলাকালে তাদের উপর গুলিবর্ষণ করা হয়। এতে শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন মামুন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন মামুন। পরে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত বছরের ২১ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা করেন মামুন।
২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কারাগারে আছেন সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক।



