সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) নজরুল ইসলাম।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সময় রাষ্ট্রদূতকে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যকে জানান, রাষ্ট্রদূতকে বৈঠকে ডেকে এর আগে সৌদি সরকারের কাছে পাঠানো নোট ভার্বালের একটি কপি হস্তান্তর করা হয়েছে।
তবে, রাষ্ট্রদূতকে ‘তলব’ নয়, বরং বৈঠক হিসেবে অভিহিত করার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে সরকার এখনও কিছু জানতে পারেনি। তবে ঢাকা চিঠি দিয়ে তথ্য জানতে চেয়েছে। এ সময় সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।
শামা ওবায়েদ আরও জানান , সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে যে বার্তা এসেছে, মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত ছিলেন দুই বাংলাদেশি, যা সৌদি আইনে একটি গর্হিত কাজ হিসেবে গণ্য। ওই আইন অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সরকার কোনো কিছুই পায়নি। ঢাকা দুজনের বিস্তারিত জানতে চেয়ে চিঠি দিয়েছে।
প্রসঙ্গত, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত ১৪ অক্টোবর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।



মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর