Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

পূজামণ্ডপ পরিদর্শন শেষে চট্টগ্রামে দলীয় সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

এ সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে রহমতগঞ্জের জে এম সেন হলের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দলীয় ও প্রশাসন সূত্র জানায়, সামরিক বিমানে চট্টগ্রামে পৌঁছানোর পর সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং আর্থিক অনুদান প্রদান করবেন।

পূজামণ্ডপের অনুষ্ঠান শেষে নগরের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বৈঠকের কথা নিশ্চিত করে জানান, সভায় দলের সার্বিক সাংগঠনিক গতিশীলতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টে অনুষ্ঠিত বিগত সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কিছুটা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম অঞ্চলের বিএনপি নেতাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছিল। একই স্থানে ফের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সভা আয়োজনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছে।

   

About

Popular Links

x