Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় লালনের আখড়ায় পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার

ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা এসে বোমা সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে আখড়াবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের (এসআরইউ) সদস্যরা ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।

এর আগে, রবিবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার রাত ১২টার দিকে লালন আখড়াবাড়ির প্রধান ফটকের পাশে নারিকেল গাছের নিচে একটি মিষ্টির প্যাকেটে মোড়ানো পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় এক বাউল।

খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলকে খবর দিলে সোমবার সকালে ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করেন তারা।

এদিকে, এ ঘটনার পর থেকে আখড়াবাড়ি ও তার আশপাশ এলাকায় হাজারো বাউল ভক্ত অনুসারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার পর থেকে আখড়াবাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে।

এ ব্যাপারে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বোমাটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে চলছে তিন দিনের স্মরণোৎসব। ১৭ অক্টোবর থেকে শুরু হাওয়া এ আয়োজন চলবে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, বাউল, ভক্ত-অনুসারী ও দর্শনার্থীরা এসেছেন লালন ধামে।

   

About

Popular Links

x