Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় অটো গ্যারেজে ডিবির অভিযান, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। অভিযানে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সাভারের আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে অভিযান চালানো হয়। সোমবার সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।

ডিবি-উত্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ম্যাগাজিনে এক রাউন্ড গুলি ছিল। পিস্তলটির গায়ে ইংরেজিতে “TTA” ও “ALY” লেখা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধেই আগের মামলা রয়েছে। সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা আছে। মো. মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x