ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১৪ জনকে আটক করেছে এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে “মাদকবিরোধী অভিযান” নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় এ অভিযান চালানো হয়। বিষয়টি জানিয়েছেন ডিএনসির ঢাকা দক্ষিণের উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
অভিযানে ছদ্মবেশে অংশ নেন এসআরবি-৩ ও ডিএনসির সদস্যরা। অভিযান শুরু হলে সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে দেয়াল টপকে পালিয়ে যান। অভিযানে অংশ নেওয়া দুই সংস্থার একাধিক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এদিন অভিযানের আগেও ঘুণ্টিঘর এলাকায় রেললাইন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করতে দেখা যায়।
শনিবার একই এলাকায় অস্ত্র হাতে “মাদকবিরোধী অভিযানে” যান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ওই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। দিনভর নানা আলোচনার মধ্যে আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন তিনি। ইশরাক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
ডিএনসির উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “এরা সবাই ভাসমান। এরা এখানে আসে, তারপর আবার চলে যায়। আমরা অভিযান পরিচালনা করলে এরা চলে যায়। আবার আমরা যখন চলে যাই, তখন ওরা আবার আসে। এ জন্য এদের নির্মূল করা যায় না। এখানে নিয়মিত কাউকে রাখতে পারলে সুফল পাওয়া যেত।”



