Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত, আহত ২৫

নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় অবস্থিত জাহেদা ক্লিনিকের সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় অবস্থিত জাহেদা ক্লিনিকের সামনে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর থেকে পাবনাগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনেরই সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে মিলে মোট ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নাটোর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। চালক ও হেলপারসহ নিহত বাকি ৯ জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত অন্তত ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে জানিয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, নিহতদের পরিচয় শনাক্তকরণসহ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x