Tuesday, October 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪

বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ‘আরপি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে এক শিশু এবং অন্যান্য হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৪ জনে।

বনপাড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন, তবে বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

এদিকে দুর্ঘটনার পরপরই নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ সম্পন্ন করেছেন।

   

About

Popular Links

x