শারদীয় দুর্গাপূজার ছুটি ও বিভিন্ন দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্যান্ডার্ড গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মহানগরীর কোনাবাড়ী (জরুন) এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
এসময় ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী পথচারী ও গাড়ী চালকরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, পূজার সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করে রাখেন তারা। তাদের দাবি কারখানার অন্যান্য শাখা তিনদিন ছুটি দিয়েছে। কিন্তু স্ট্যান্ডার্ড গ্রুপের ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড' এই শাখায় একদিন ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
তাদের দাবিগুলো হলো, বেতনের সময় বিকাশের খরচ, সাপ্তাহিক ছুটি শুক্রবারেই দেওয়া, ছুটির দিনের ওভার টাইম, কর্মঘণ্টা শেষ হলে জমা কাজের জন্য ফ্রি ডিউটি না করা, স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার না করা, কোনো শ্রমিককে ছাঁটাই না করা ইত্যাদি।
ফিনিশিংয়ের একাধিক নারী শ্রমিক বলেন, ৮ থেকে ১০ ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়না। তাই পূর্বের ন্যায় শ্রমিকদের চেয়ার দিতে হবে। শ্রমিকরা অসুস্থ হলে লাইন থেকে সুপার ভাইজার ও ইনচার্জ মেডিকেলে যাওয়ার অনুমতি দিতে হবে।
এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “সরকারি ছুটির সঙ্গে আরও একদিন ছুটির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানাটির শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেখা যায়।



