Thursday, October 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ের অবস্থা আশঙ্কাজনক

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমানো গ্যাসে হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে ও মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দম্পতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দুর্ঘটনায় তাদের ১৬ বছর বয়সী কন্যা তানিশা শরীরের ৮৬ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এফএইচডিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

নিহত দম্পতি হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামের বাসিন্দা লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা (৫২ নম্বর ওয়ার্ড) এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড. সুলতান মাহমুদ সিকদার জানান, হাসপাতালে আনার পরই তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় লাল চান মিয়ার ৯৫ শতাংশ এবং স্ত্রী নাসিমার ৮৫ শতাংশ দগ্ধ শরীরে মৃত্যু হয়। মেয়ে তানিশার শরীর ৮৬ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, বুধবার সকাল ৬টার দিকে চেরাগ আলী সংলগ্ন ভাড়া বাসায় রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমানো গ্যাসে হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে ও মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x