গাজীপুর মহানগরীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন বাবা-মা ও তাদের দুই ছেলে। বর্তমানে তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আগুনে বাড়ির ছয়টি কক্ষ, দুটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ থেকে ১৫ লাখ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর সদর থানার পশ্চিম ভুরুলিয়া (লালমাটি) এলাকায় মিয়াজ উদ্দিন প্রধানের টিনশেড (হাফ বিল্ডিং) বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এর মিডিয়া সেল সন্ধ্যা ৫টার দিকে ঘটনার তথ্য নিশ্চিত করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
দগ্ধরা হলেন ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তার স্ত্রী সাদিয়া বেগম ওরফে সুবর্ণা (২৬) এবং তাদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাইয়ান প্রধান (৬)। প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ইনস্টিটিউটে সাদিয়া বেগম ও সাইয়ান ভর্তি আছেন, আর মহসিন প্রধান ও সোয়াদ পর্যবেক্ষণে রয়েছেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, তাদের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ফলে ঘটনাস্থলে তারা আহতদের পাননি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বার্ন ইনস্টিটিউটের বরাত দিয়ে জানান, প্রাথমিক তথ্যে ভোরে পরিবারের সদস্যরা বাসার একটি সোফায় আগুন দেখতে পান। সেখান থেকে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। পরে বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।



