রাজধানীর নিউমার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানের পর হকারদের বসা ঠেকাতে ফুটপাতে শতাধিক গাছের চারা বসিয়ে দেয় সংস্থাটি।
পূর্বঘোষিত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বেলা তিনটার দিকে নিউমার্কেট এলাকায় আসেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। শুরুতে নিউমার্কেটের বিপরীত পাশে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর আজিমপুর-সংলগ্ন নিউমার্কেটের ফুটপাত থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, অভিযান শুরু হতেই হকাররা মালামাল ও সরঞ্জাম নিয়ে সড়কের বিপরীত পাশে সরে যান। সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে ফুটপাতে থাকা কয়েকটি চৌকি ভেঙে ময়লার গাড়িতে তুলে নেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড়ের মধ্যে অনেক হকারকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
অভিযান শেষে নিউমার্কেটের ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে বস্তা ও ড্রামে লাগানো শতাধিক গাছের চারা বসানো হয়। বেলা সাড়ে তিনটার পর কর্মীরা ৪ নম্বর গেটের দিকে এগোতে থাকলে আজিমপুর-সংলগ্ন ইউটার্নের ফুটপাতে কয়েকজন হকার আবার বসার চেষ্টা করেন। ডিএসসিসির কর্মীরা তাৎক্ষণিকভাবে গিয়ে তাদের চৌকি সরিয়ে দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান শেষ করে কর্মীরা এলাকা ত্যাগ করেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্ছেদ করা অংশে আর কোনো হকারকে বসতে দেখা যায়নি।
অভিযানের শুরুতে এক প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, “নিউমার্কেট এলাকার ফুটপাত ও সড়ক হকারমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে।“ তিনি বলেন, “যত দিন দখল হবে, তত দিন অভিযান চলবে।” ডিএসসিসি প্রশাসক আরও বলেন, “রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করতে বারবার অনুরোধ করা হচ্ছে। এরপরও কেউ দখল করলে মালামাল জব্দসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।“ তিনি স্থানীয় নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অভিযান শেষে ডিএসসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নীলক্ষেত মোড়সংলগ্ন নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে চন্দ্রিমা সুপার মার্কেট-সংলগ্ন ৪ নম্বর গেট পর্যন্ত মূল রাস্তা ও ফুটপাত এবং প্রিয়াঙ্গন সুপার মার্কেট থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত মূল রাস্তা সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে। তবে সরেজমিনে দেখা যায়, সংস্থাটি মূলত ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত অভিযান চালিয়েছে। ১ ও ৩ নম্বর গেট এলাকায় তখনো হকারদের দোকান বসানোর সরঞ্জাম রয়ে গিয়েছিল।



