Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেন্ট মার্টিন ভ্রমণে টিকিট বিক্রি শুরু, জাহাজ ছাড়বে কবে?

অনলাইনে ইতিমধ্যে ৭০০টির বেশি টিকিট বিক্রি হয়েছে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পথে পর্যটকবাহী তিনটি জাহাজ চলাচলের অনুমোদন ও সময়সূচি নির্ধারণ করা হলেও প্রথম যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। জাহাজ মালিক ও জেলা প্রশাসনের বক্তব্যে ভিন্নতা থাকায় পর্যটকদের যাত্রার তারিখ নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার আগে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, অনলাইনে ইতিমধ্যে ৭০০টির বেশি টিকিট বিক্রি হয়েছে। কিন্তু জাহাজ চলাচলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং প্রয়োজনীয় ছাড়পত্রও তারা হাতে পাননি। তিনি বলেন, “কালকে ঘাটে কী হয়, আল্লাহই ভালো জানে। আমি জানি না।”

অন্যদিকে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম রাত ৮টায় জানান, বৃহস্পতিবার সেন্ট মার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছেড়ে যাবে না। টিকিট বিক্রির বিষয়ে তিনি বলেন, “আমরা এখন কথা বলে পেছানোর ব্যবস্থা করবো এবং পরবর্তী ব্যবস্থা করব। বৃহস্পতিবার একটি সভা হবে। তারপর জানাতে পারব কবে থেকে জাহাজ চলবে।”

তবে এমভি টেকনাফের ব্যবস্থাপক আকতার নূর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, বৃহস্পতিবার থেকে তাঁদের জাহাজের টিকিট বিক্রি শুরু হবে এবং প্রথম যাত্রা হবে ৬ নভেম্বর।

নৌ পরিবহন অধিদপ্তর ৩ নভেম্বর তিনটি জাহাজের অনুকূলে সাময়িক ভয়েজ লাইসেন্স দিয়েছে। জাহাজগুলো হলো এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ। পরদিন ৪ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জাহাজগুলোর রুট পারমিট ও সময়সূচি অনুমোদন করে। সে অনুযায়ী ৫ নভেম্বর থেকে চলাচলের কথা।

তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন, যা সরকার নির্ধারিত দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটকের সীমার মধ্যে।

অনুমোদিত সময়সূচি অনুযায়ী কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে এমভি কর্ণফুলী এক্সপ্রেস সকাল ৭টা ১৫ মিনিটে, এমভি বার আউলিয়া সকাল ৭টা ৩০ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা। ফেরার সময় যথাক্রমে দুপুর ২টা ১৫ মিনিট, দুপুর ২টা ৩০ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিট।

সরকারি নির্দেশনা অনুযায়ী, সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। ট্রাভেল পাস ছাড়া টিকিট ইস্যু করা যাবে না এবং কিউআর কোডবিহীন টিকিট গ্রহণযোগ্য হবে না। কোনো জাহাজ কোম্পানি একবারে ১৫ দিনের বেশি সময়ের অগ্রিম টিকিট বিক্রি করতে পারবে না।

   

About

Popular Links

x