Saturday, November 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুড়িগ্রামে টাউনহলে স্ত্রীর সামনে পৌর কর্মচারী খুন, আটক যুবক

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

কুড়িগ্রাম শহরের পৌর টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানস্থলে টাউনহলের কেয়ারটেকার মনছুরকে (৫৮) তার স্ত্রীর সামনে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) শহরের কলেজ মোড়ে অবস্থিত টাউনহলে প্রথম পর্বের অনুষ্ঠান শেষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনছুর কুড়িগ্রাম পৌরসভায় দীর্ঘদিন ধরে মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করছিলেন। সর্বশেষ তিনি টাউনহলের কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি (৩২)। তিনি শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি কিছুটা অপ্রকৃতিস্থ বলে জানা গেছে। তার কাছে আগে থেকে কেন সার্জিক্যাল কাঁচি ছিল, তা জানা যায়নি।

টাউনহলে উপস্থিত জেলা প্রশাসন ও পৌরসভার কর্মচারীরা জানান, প্রথম পর্বের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা চলে গেলে অভিযুক্ত যুবক টাউনহলে ঢোকেন। মনছুর তাকে জানান, অনুষ্ঠান শেষ, এখন ভেতরে প্রবেশের প্রয়োজন নেই। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

এ সময় মনছুরের স্ত্রী মল্লিকা (৪৮) টিফিন বাটিতে স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে টাউনহল চত্বরে ঢোকেন। মনছুর স্ত্রীর হাত থেকে খাবারের বাটি নিচ্ছিলেন, তখনই ওই যুবক হঠাৎ তার বুকে কাঁচি দিয়ে একাধিক আঘাত করেন। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কাঁচি দিয়ে আঘাত করা হয়।

মনছুর ও তার স্ত্রীর চিৎকারে টাউনহলের ভেতরে থাকা অন্য কর্মচারীরা ছুটে এসে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মনছুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মল্লিকাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ পুলিশ ও পৌর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি কামাল হোসেন জানান, অভিযুক্ত যুবককে আটক করে হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে ঘটনাটি আকস্মিক, পূর্বপরিকল্পিত নয়। ওই যুবকের কাছে কেন কাঁচি ছিল এবং কেন তিনি হত্যাকাণ্ড ঘটালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে কর্মচারী হত্যার পরও শনিবার সন্ধ্যায় একই টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান চলছিল।

   

About

Popular Links

x